মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে এ ঘটনা ঘটলেও, জানাজানি হয় মঙ্গলবার সকালে।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রী
পতাকা বৈঠক শেষে প্রায় ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণা দাসের লাশ হস্তান্তর করে বিএসএফ। এর আগে বিএসএফ বিকেল ৫টার দিকে লাশ সীমান্তে নিয়ে আসে।

স্বর্ণা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তাঁর বড় ছেলে থাকেন। তাঁকে দেখার জন্য ১০ হাজার টাকার মাধ্যমে স্থানীয় দালাল ধরে স্বর্ণা ও তার মা রোববার রাত ৯ টার দিকে লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় স্বর্ণার মাসহ আরও ৩ জন আহত হন।

বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লে. কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, খবর পেয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এরপর ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিজিবি কর্মকর্তাদের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের কাছে স্বর্ণার লাশ হস্তান্তর করে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আইনি প্রক্রিয়া শেষে তারা স্বর্ণার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।
আরও দেখুনঃ